News

News

Tuesday
April, 21
More

    আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল টাইগাররা। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল নাজমুল হোসেন শান্তর দল।

    এ ম্যাচে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলতে নামেন মুশফিকুর রহিম। শততম টেস্টের দ্ইু ইনিংসে যথাক্রমে- ১০৬ ও অপরাজিত ৫৩ রান করায় ম্যাচ সেরা হয়েছেন মুশফিক।

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান করে আয়ারল্যান্ড। ফলে জয়ের জন্য টেস্টের শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট এবং আয়ারল্যান্ডের আরও ৩৩৩ রান।

    পঞ্চম দিনের ১৪তম ওভারে আয়ারল্যান্ডের সপ্তম উইকেট শিকার করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এন্ডি ম্যাকব্রিনকে ২১ রানে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। এই শিকারের মাধ্যমে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

    এরপর অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে আয়ারল্যান্ডের রান ২শ পার করেন কার্টিস ক্যাম্ফার ও জর্ডান নিল। ৩০ রান করা নিলকে দারুণ ডেলিভারিতে বোল্ড করে জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

    দলীয় ২৩৭ রানে নিল ফেরার পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৬৯ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে।

    বিরতি থেকে ফিরেও স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন এই দু’জন। বিরতির পর ২০ ওভার ব্যাট করেন তারা।

    অবশেষে ইনিংসের ১১৩তম ওভারের দ্বিতীয় বলে হোয়েকে লেগ বিফোর করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ। পরের ডেলিভারিতে ম্যাথু হামফ্রিজকে শূণ্যতে বোল্ড করে আয়ারল্যান্ডকে ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুরাদ।

    হোয়ে ১০৪ বল খেলে ৩৭ রানে আউট হলেও, ৪টি চার ও ২টি ছক্কায় ২৫৯ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাম্ফার।

    তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

    টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ।

    শততম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা হন মুশফিক। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন টাইগার স্পিনার তাইজুল।

    আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
    সংক্ষিপ্ত স্কোর :

    বাংলাদেশ : ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মোমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*, হোয়ে ২/৮৪)।

    আয়ারল্যান্ড : ২৬৫ ও ২৯১/১০, ১১৩.৩ ওভার (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭, মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)।

    ফল : বাংলাদেশ ২১৭ রানে জয়ী।

    সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

    ম্যাচ সেরা : মুশফিকুর রহিম (বাংলাদেশ)।

    সিরিজ সেরা : তাইজুল ইসলাম (বাংলাদেশ)।

    -বাসস

    Find us on

    Latest articles

    - Advertisement - spot_imgspot_img

    Related articles

    পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

    ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের...

    বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

    ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি...

    কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

    ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের...

    মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

    ডেস্ক রিপোর্ট: লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত...

    ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক...

    প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত, সতর্কতা

    ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত...